ময়মনসিংহে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে টিচার্স ট্রেনিং কলেজের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিতর্ক প্রতিযোগিতায় মোট ৮টি দলের ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন ও আইনের প্রয়োগের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীরা যুক্তি উপস্থাপন করেন। প্রতিযোগিতার ফলাফলে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় (বিপক্ষ দল) প্রথম স্থান এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (পক্ষ দল) দ্বিতীয় স্থান অর্জন করে।
ব্যক্তিগত পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা তারান্নুম স্নেহা। দ্বিতীয় স্থান অর্জন করেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত মেহজাবিন মল্লিক।
এছাড়া রচনা প্রতিযোগিতায় ২৭ জন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তিনটি পৃথক গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজ আহমেদ সাদেক রেজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রনজিৎ কুমার কর্মকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রিজিয়া খাতুন এবং জেলা শিক্ষা অফিসার মোছা. মোহছিনা খাতুন।
প্রান্ত স্পেশালিস্ট হাসপাতালের কর্ণধার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মনসুর আলম চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও দুর্নীতি বিরোধী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
