সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। রোববার (২৭ জুলাই) রাতে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৮), রায়পুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে জলিল আহমেদ (২৯) এবং একই উপজেলার শত্রুমর্দন গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৬)।

র‍্যাব-৯ সিলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অনলাইনে জুয়া খেলতে সেখানে অবস্থান করছিল বলে স্বীকার করেন। অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও দুটি বাটন ফোনসহ মোট পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জব্দকৃত আলামতসহ শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।