টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় একটি উচ্চ জলাধার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় পৌর এলাকায় পানি সরবরাহ অবকাঠামো উন্নয়নের জন্য দুটি ভূগর্ভস্থ পানি শোধনাগার এবং দুটি উচ্চ জলাধার নির্মাণ করা হচ্ছে। প্রতিটি শোধনাগারের পানি পরিশোধন সক্ষমতা ঘণ্টায় ৩৫০ ঘনমিটার এবং প্রতিটি উচ্চ জলাধারের ধারণক্ষমতা ৬৮০ ঘনমিটার।
প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পানি শোধনাগার নির্মাণে প্রায় ১৯ কোটি টাকা এবং উচ্চ জলাধার নির্মাণে প্রায় ৬ কোটি ৪৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন শেষে পৌরসভার ৪, ৫, ৬, ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রায় ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের সুযোগ সৃষ্টি হবে। ইতোমধ্যে প্রকল্পের আওতায় ৯টি উৎপাদক নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নগর ও পৌর এলাকার বাসিন্দাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি আশা প্রকাশ করেন, চলমান অবকাঠামো নির্মাণকাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা উন্নত পানি সরবরাহ সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, টাঙ্গাইলের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
