নেত্রকোনার মোহনগঞ্জে ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার সকাল ১১টায় মোহনগঞ্জ বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্য, বণিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহতের স্ত্রী লিপি রানী পাল। তিনি বলেন, ২০২৫ সালের ৮ অক্টোবর রাতে মোহনগঞ্জের বসুন্ধরা মোড় এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘নারায়ণ স্টোরে’ অবস্থানকালে দুর্বৃত্তদের হামলায় তাঁর স্বামী নিহত হন। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, মামলাটি বর্তমানে উচ্চপর্যায়ের তদন্ত প্রক্রিয়ায় রয়েছে। দ্রুত তদন্ত শেষ করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মোহনগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. মাসুদ মিয়া, সহ-সভাপতি হাজী দুদু মিয়া, গোলাম রব্বানী, বিমল চন্দ্র পাল, হাবিবুর রহমান দোহা, দীপক বণিক ও শ্যামল মোল্লা।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত হলে নিহতের পরিবার ন্যায়বিচার পাবে এবং ব্যবসায়ী সমাজের মধ্যেও আস্থা ফিরে আসবে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।