বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচির সূচনা করা হয়।
সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান একটি বারোমাসি আমড়া গাছের চারা রোপণ করেন। এছাড়া প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান এবং প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম পৃথকভাবে বৃক্ষরোপণে অংশ নেন।
উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন কক্ষে ‘প্রতিটি চারা হোক গ্রিন ক্যাম্পাসের নতুন স্বপ্নের সূচনা’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, সরকারের ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, মূল ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১২টি আঞ্চলিক কেন্দ্র এবং ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রেও একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আগামী পাঁচ বছর এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়; এটি সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তোলারও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাউবি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান এবং প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। এ সময় উপাচার্যের সহধর্মিণী ড. আলো আরজুমান বানু পরিবেশ বিষয়ক একটি কবিতা আবৃত্তি করেন।
বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ও কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এম. আহমেদ হুসেইন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘমেয়াদি এই কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে পরিবেশবান্ধব আবহ গড়ে তোলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়নের সংস্কৃতি জোরদার করাই মূল লক্ষ্য।
