রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত তৃতীয় দফার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের জানান, রাজধানীর প্রধান প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত এসব বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে তীব্র যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। ফলে নগরীর অভ্যন্তর থেকে টার্মিনালগুলো পর্যায়ক্রমে সরিয়ে উপযুক্ত বিকল্প স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহন ব্যবস্থা এবং যানজট নিরসনে সম্ভাব্য সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সড়ক অবকাঠামোর উন্নয়ন, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকীকরণ এবং নগর পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর ভেতর থেকে বড় বাস টার্মিনালগুলো স্থানান্তর করা হলে যানবাহনের চাপ কমবে, ট্রাফিক প্রবাহ স্বাভাবিক হবে এবং নগরবাসী দীর্ঘদিনের যানজট দুর্ভোগ থেকে কিছুটা স্বস্তি পাবে।