বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, আত্মমর্যাদাশীল ও বিশ্বের দরবারে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর।

শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতার সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই দেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং পরিবারের কল্যাণ নিশ্চিত করতে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অবদানের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক—যে খেতাবেই ভূষিত হোন না কেন, তাঁদের সবচেয়ে বড় অর্জন হলো স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। একটি জাতির ইতিহাসে এমন গৌরব অর্জনের সুযোগ সবার জীবনে আসে না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাঁরা সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।

তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং বহু আহত ও পঙ্গু মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকে আবেগাপ্লুত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির শাসনামলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরের বছর প্রণয়ন করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।

বয়সের ভারে অনেক বীর মুক্তিযোদ্ধা এখন ক্লান্ত হলেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো উজ্জ্বল বলে মন্তব্য করেন তারেক রহমান। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ নেয়, তার প্রশংসা করেন তিনি। এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বক্তব্যের শেষাংশে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে।