দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে ৯২৫ জনের শরীরে। এদিকে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৯৪ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৬০ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।

একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮২ জন, ঢাকা মহানগরে ৩৬২ জন, চট্টগ্রামে ২৫৫ জন, খুলনায় ২২৭ জন, রাজশাহীতে ১৪৬ জন, বরিশালে ১৪৫ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৫৭৪ জন।

চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ জনে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২৬১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে ঢাকা মহানগরে ২২৭ জন এবং মহানগরের বাইরে ৩৪ জন মারা গেছেন।

এ ছাড়া খুলনায় ৮৮ জন, চট্টগ্রামে ৫১ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে আটজন এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।