দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা স্নাতক শেষ করেও কর্মসংস্থান পাচ্ছেন না। তাই শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও কর্মসংস্থানমুখী করতে হবে। একই সঙ্গে শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। কলেজ প্রাঙ্গণে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে, কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেইভাবে ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকার অর্থেই কার্যকর হয়।’
তিনি আরও বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার বিভিন্ন স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি।
ঢাকা কলেজের ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিচারণ
অনুষ্ঠানে ঢাকা কলেজে কাটানো জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে এই প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং অবদানের কথা তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।