নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সম্ভাব্য কমিটিতে সভাপতি পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান তুলে ধরে প্রেস ব্রিফিং করেছেন ছাত্রদল নেতা চৌধুরী মো. নওশীন পাশা দীপু।
শনিবার (১৩ জুন) মদন উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং সংগঠন নিয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে নওশীন পাশা দীপু বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শিক্ষার্থীভিত্তিক ও কার্যকর করতে তিনি কাজ করতে চান। সভাপতি নির্বাচিত হলে সংগঠনকে শক্তিশালী করা, নতুন সদস্য সংগ্রহ, মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা, নিয়মিত সাংগঠনিক সভা আয়োজন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি, মাদক ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতা গড়ে তোলা, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষাবান্ধব ও গণমুখী ছাত্ররাজনীতির চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পটভূমিও তুলে ধরেন। নওশীন পাশা দীপু বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি প্রয়াত বিএনপি নেতা মজিবুর রহমান চৌধুরীর পুত্র। মজিবুর রহমান চৌধুরী মদন উপজেলা যুবদলের দুইবারের নির্বাচিত সভাপতি, তিনবারের আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নওশীন পাশা দীপু এবং ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও শিক্ষার্থীকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
ছবি: মদন উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ছাত্রদল নেতা ও সভাপতি পদপ্রার্থী চৌধুরী মো. নওশীন পাশা দীপু।