গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (১১ জুন) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভায় নেতৃবৃন্দ এ নিয়োগের বিষয়ে তাদের উদ্বেগ ও আপত্তির কথা তুলে ধরেন। সভায় তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রশাসনিক দায়িত্ব পালনের সক্ষম ও অভিজ্ঞ শিক্ষক থাকা সত্ত্বেও বাইরের কোনো ব্যক্তিকে এ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকসমাজের মধ্যেই প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে এর শিক্ষকরা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষকসমাজের অভিজ্ঞতা ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
সভায় শিক্ষক নেতারা বলেন, প্রো-ভিসি নিয়োগের বিষয়টি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক পরিচয়, মর্যাদা ও দীর্ঘমেয়াদি বিকাশের সঙ্গেও সম্পৃক্ত। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান।
শিক্ষক সমিতি দাবি করেছে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে প্রো-ভিসি পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকবৃন্দের মধ্য থেকে যোগ্য ও অভিজ্ঞ কাউকে নিয়োগ দেওয়া হোক।
উল্লেখ্য, সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই শিক্ষক সমিতি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়।
তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
