বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’র উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (৫ জুন) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সবুজ পৃথিবী’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবিনীগ টাঙ্গাইলের সমন্বয়ক রবিউল ইসলাম চুন্নু, সবুজ পৃথিবী ধামরাই শাখার সভাপতি সাইদ আল মামুন, টাঙ্গাইল শাখার যুগ্ম সম্পাদক এরফানুজ্জামান রুনু, পরিবেশকর্মী মীর শামীমুল আলম ও হাসান আহমেদ, সংগঠনের পরিচালক শারমিন আলম এবং সিলেটের জাফলং শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন।

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখার যুগ্ম সম্পাদক একদিল হোসেন ও পরিবেশকর্মী আলীম আল রাজী তুষারসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থী, পথচারী এবং সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

পরে শহরের কাগমারী ব্রিজের পশ্চিম পাশে লৌহজং নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নদীতীর সংরক্ষণ, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায় জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।