ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে তারাকান্দা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। আলোচনা সভা শেষে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা, স্বাধীনতার ঘোষণা এবং যুদ্ধ-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে তাঁর অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি বলেন, “দেশের একটি সংকটময় সময়ে দায়িত্ব গ্রহণ করে তিনি অর্থনৈতিক পুনরুদ্ধার, কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং উৎপাদনমুখী কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।”
তিনি আরও বলেন, “বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা এবং জনগণের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর জাতীয়তাবাদী দর্শন ও উন্নয়ন চিন্তা আজও রাজনৈতিক অঙ্গনে আলোচিত।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, উপজেলা বিএনপির নেতা আব্দুল হেকিম মণ্ডল, আব্দুল মালেক, আসাদুল হক মণ্ডল, মোখলেছুর রহমান আকন্দ, রাসেল মণ্ডল ও আসাদ মণ্ডল।
এ ছাড়া উপজেলা যুবদলের নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিশাদ আহমেদ সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক এইচ এম জুয়েলসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে পথচারী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
