রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, সফরের প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই সফর অনুষ্ঠিত হতে পারে। সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন পুতিন। সে সময় তিনি চীনের সামরিক কুচকাওয়াজ ও একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে বর্তমানে বেইজিং সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যায় তাকে বহনকারী বিমান চীনের রাজধানীতে পৌঁছায়।
প্রায় এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। সফরের মূল আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে বাণিজ্য সম্পর্ক, তাইওয়ান ইস্যু, ইরান সংকট এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি।
বিশ্লেষকদের মতে, একই সময়ে ট্রাম্প ও পুতিনের চীনমুখী কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক রাজনীতিতে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবেরই ইঙ্গিত বহন করছে। চীন এখন বৈশ্বিক শক্তির ভারসাম্যে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছে বলে মনে করছেন তারা।
জানা গেছে, সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প। এরপর তিনি ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন।
