পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নতুন ভূমিকায় দেখা গেল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে। আইনজীবীর পোশাক পরে কলকাতা হাই কোর্টে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক এই মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে কলকাতা হাই কোর্ট প্রাঙ্গণে তাকে আইনজীবীদের কালো গাউন ও সাদা ব্যান্ড পরিহিত অবস্থায় দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী সহিংসতা সংক্রান্ত মামলার শুনানিতে উপস্থিত হন তিনি। মামলাটি প্রধান বিচারপতির এজলাসে শুনানির জন্য উঠেছে। সেখানে তিনি নিজেই আইনি যুক্তি উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।

Advertisement

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এসব ঘটনার তদন্ত ও বিচার চেয়ে কলকাতা হাই কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাগুলোর শুনানিকেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে ভরাডুবির পর সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জি নিজেকে ‘মুক্ত বিহঙ্গ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তার আর কোনো চেয়ার নেই এবং তিনি এখন একজন সাধারণ মানুষ। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, এবার তিনি রাজপথে নামবেন এবং আইনজীবী হিসেবেও কাজ করবেন।

সেই ঘোষণার বাস্তব প্রতিফলনই দেখা গেল কলকাতা হাই কোর্টে তার উপস্থিতির মধ্য দিয়ে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এর আগেও ভারতের সুপ্রিম কোর্টে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে আইনি যুক্তি উপস্থাপন করেছিলেন মমতা ব্যানার্জি। তবে তখন তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এবার নির্বাচনে পরাজয়ের পর আইনজীবীর ভূমিকায় আদালতে উপস্থিত হওয়াকে তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।