দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে ৩ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৬ শিশুর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ও মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দেড় মাসে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ২৯১ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৮৯ জনে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪৭ হাজার ৬৫৬ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে হাম ও হাম-সন্দেহে মারা গেছে ১৭৩ শিশু এবং আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ৯ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কর্মসূচি আরও জোরদার করা, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।