ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। দুই দেশের মধ্যে ভিসা সেবা পুরোপুরি স্বাভাবিক করতে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ইতোমধ্যে গত ফেব্রুয়ারি থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে। এরই প্রেক্ষিতে ভারতও পাল্টা উদ্যোগ হিসেবে বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে।

Advertisement

কূটনৈতিক সূত্রগুলো জানায়, ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করতে উভয় দেশ প্রাথমিক ধাপের কাজ শুরু করেছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভারত সফরকালে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। তিনি দ্রুত ভিসা সেবা পুনরুদ্ধারের আহ্বান জানান।

বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ে কনস্যুলার কার্যক্রম চালু রয়েছে। বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে বন্ধ হওয়া কিছু ভিসা কেন্দ্র ফেব্রুয়ারিতে পুনরায় চালু করা হয়েছে।

কূটনৈতিক মহল বলছে, ভিসা সেবা স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও অগ্রগতি বাড়বে। একইসঙ্গে শিগগিরই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে গত বছর ভারতের পক্ষ থেকে ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। তবে জরুরি ক্ষেত্রে—বিশেষ করে চিকিৎসা ও পারিবারিক ভিসা—চালু ছিল।

নতুন করে ভিসা সেবা সম্প্রসারণের এই উদ্যোগকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।