চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এক সাংবাদিকের প্রাইভেটকারে হামলা ও ভাঙচুরের অভিযোগের ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, বৃষ্টির মধ্যে গাছের শুকনো ডাল ভেঙে চলন্ত গাড়ির ওপর পড়ায় কাঁচ ভেঙেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি প্রশাসন।
গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দৌলতদিয়াড় এলাকার বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির অদূরে দীপ্ত টিভি,জাগো নিউজ ও বাংলাদেশ বেতারের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিকের প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে তার বড় ভাই চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিকসহ পরিবারের সদস্যরা ছিলেন। তবে কেউ আহত হননি।
হোসাইন মালিক সে সময় জানান, আলমডাঙ্গার রামদিয়ায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। তিনি ধারণা করেন, হামলার লক্ষ্য ছিলেন সাংবাদিক হুসাইন মালিক। ঘটনার পর তারা সরাসরি সদর থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন শনিবার চুয়াডাঙ্গা প্রেস ক্লাব জরুরি সভা করে ঘটনার নিন্দা জানায় এবং জড়িতদের গ্রেপ্তার না হলে মানববন্ধনসহ কর্মসূচির হুঁশিয়ারি দেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) হিমেল রানা বলেন, খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ফোর্সসহ তিনি ঘটনাস্থলে যান, কিন্তু অন্ধকারে তেমন কিছু পাওয়া যায়নি। পরদিন সকালে সাংবাদিক হুসাইন মালিককে সঙ্গে নিয়ে আবার ঘটনাস্থলে গিয়ে পুলিশ রাস্তার পাশে একটি রেইনট্রি গাছের ভাঙা শুকনো ডাল দেখতে পায়। সেখানে গাড়ির ভাঙা কাঁচের টুকরোও ছিল।
ওসি বলেন, “যেহেতু তখন বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে গাছের শুকনো ডাল ভেঙে চলন্ত গাড়ির ওপর পড়েছে।” এ বিষয়ে জানতে চাইলে হুসাইন মালিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন জানান, পুলিশ সুপারের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তদন্তে হামলার প্রমাণ মিললে মামলা হবে। আর গাছের ডাল ভেঙে পড়ার বিষয়টি প্রমাণিত হলে থানায় করা জিডি তদন্ত শেষে নিষ্পত্তি করা হবে। আমরা প্রেসক্লাবের নের্তৃবৃন্দ পুলিশের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ঘটনাস্থল ও আশপাশের কোন সিসিটিভি নেই।
ফুটেজ পর্যালোচনার কথা আগে বলা হলেও তা পাওয়া যায়নি। আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদনও এখনো প্রকাশ হয়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।