মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে হাটপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ৪৭ বিজিবির তেঁতুলবাড়ী বিওপির টহল কমান্ডার জেসিও সাইদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল অভিযান চালায়। এ সময় একটি চায়না পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭.৬৫ মিমি চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।