ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিভিন্ন শ্লোগান দেওয়ার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিংয়ের প্রায় ২০০ মিটার পূর্ব পাশে আগুন লাগানোর ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, মোঃ রাব্বি-(২৮), রায়হান- (১৮), শাওন মল্লিক-(১৮), রায়হান আহমেদ রিজিক- (১৬), সাইফুল ইসলাম সিজান-(১৬) ও এনামুল হক নিরব-(১৭)। তাঁদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন শ্লোগান দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রেললাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে রেলওয়ে পুলিশ।