সরিষা চাষ সম্প্রসারণ ও উৎপাদন বাড়াতে ঠাকুরগাঁওয়ে সরকারি প্রণোদনার আওতায় সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রান্তিক কৃষকদের হাতে সরিষা বীজ ও সার তুলে দেওয়া হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ২ হাজার ৫০০ এবং ভুল্লি উপজেলায় ১ হাজার কৃষকের মধ্যে পর্যায়ক্রমে সরিষা বীজ বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক সরিষা বীজের পাশাপাশি বিনামূল্যে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার পাবেন।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, ভুল্লি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহার রঞ্জন রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল মুজাহিদ, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের প্রণোদনাভুক্ত কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে জেলার সাতটি উপজেলায় ১৫ হাজার কৃষককে সরিষা চাষের জন্য সরকারি প্রণোদনা দেওয়া হয়েছিল। চলতি মৌসুমে এ সংখ্যা বাড়িয়ে ২৩ হাজার করা হয়েছে। চলতি ২০২৬-২৭ মৌসুমে জেলার সাতটি উপজেলার ২৩ হাজার কৃষক বিনামূল্যে সরিষা বীজ ও সার পাচ্ছেন। গত মৌসুমের তুলনায় এবার প্রায় ৮ হাজার কৃষক বেশি এ সুবিধার আওতায় এসেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে ১৭ হাজার ৫০৬ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর আগের মৌসুমে জেলায় ১৭ হাজার ৩০৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। এর মধ্যে সদর উপজেলায় আবাদ হয়েছিল ২ হাজার ৮০০ হেক্টর জমিতে।
কৃষি বিভাগের হিসাবে, গত মৌসুমে সদর উপজেলায় প্রায় ৪ হাজার ২২৮ মেট্রিক টন সরিষা উৎপাদিত হয়েছে। সরিষার উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা কাজে লাগিয়ে স্থানীয়ভাবে ভোজ্যতেল উৎপাদনেও গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ।
এ লক্ষ্যে প্রকল্পের আওতায় জেলায় ছয়টি এবং সদর উপজেলায় দুটি সরিষা মাড়াই বা তেল ভাঙানোর মেশিন সরবরাহ করা হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে স্থানীয়ভাবে সরিষার তেল উৎপাদন বাড়ানো এবং ভোক্তাদের কাছে মানসম্মত ও স্বাস্থ্যকর সরিষার তেল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।