ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা, র্যালি ও পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। একই দিনে জেলার ভূল্লীতে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহসভাপতি আল মামুন আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সহসভাপতি অ্যাডভোকেট বদিউজ্জামাল চৌধুরী বাদল ও আঞ্জামুল হক আরজু, জেলা বিএনপি নেতা আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন তুহিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তারিক আদনান। এ সময় দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভূল্লী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী, ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী এবং ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন।
সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, বাংলাদেশের জাতীয় ইতিহাসে দিবসটির তাৎপর্য এবং মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে আলোচনা করেন।