কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় নতুন মোড় এসেছে। মামলার যুক্তিতর্ক শেষে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পলাতক সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩০ নভেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, এ মামলায় মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছিল। তাঁদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার আদালতে উপস্থিত সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে আদালতে অনুপস্থিত সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে আত্মসাতের অভিযোগ
মামলার নথি সূত্রে জানা যায়, মহেশখালীর মাতারবাড়ীতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৪১৪ একর জমির ওপর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির চিংড়িঘের, ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর বিপরীতে ২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পরে নানা কৌশলে ওই অর্থের মধ্য থেকে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়।
২০১৪ সালে মামলা, ২০১৭ সালে অভিযোগপত্র
এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন।
আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি তদন্ত করে। তদন্তে ৩৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে ২০১৭ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি।
দীর্ঘ ১২ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক সম্পন্ন হওয়ায় এখন মামলাটি রায়ের অপেক্ষায়। আগামী ৩০ নভেম্বর আদালতের রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে।