ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামবাসীর উদ্যোগে চুরি-ডাকাতি ও মাদক প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বালিখোলা মসজিদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজ থেকে মাদক নির্মূল এবং চুরি- ডাকাতি রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন হাজী আলফু মিয়া।

সভায় বক্তব্য রাখেন ভলাকুট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু মিয়া, ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তৈয়ব হোসেন, ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তাজু মিয়া, কান্দি মাঠের বিএডিসির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার শফিকুল ইসলাম, জিল্লুর রহমান, জুয়েল মিয়া, কুদ্দুস মিয়া, বোরহান মোল্লা, দানু মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবার এবং সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কারনে এলাকায় দিন দিন চুরি-ডাকাতি সংগঠিত পাচ্ছে। তাই চুরি- ডাকাতি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকার মানুষ ঐক্যবদ্ধ হলে চুরি- ডাকাতিসহ মাদক নির্মূল করা সম্ভব।

এসময় ২ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে এলাকাকে চুরি- ডাকাতি ও মাদকমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর বালিখোলা কান্দি মাঠ থেকে বিএডিসির সেচ প্রকল্পের ৩০ পিস সোলার প্যানেল থেকে ৩ পিস সোলার প্যানেল, কন্ট্রোলার বক্স, মিটার বক্সসহ মটর ঘরের সকল বৈদ্যুতিক তার ও মালামাল চুরি হয়ে যায়।