জেলার শ্রেষ্ঠ সফল উদ্যোক্তা মদন উপজেলার ইয়াসিন মিয়ার খামার ও প্রযুক্তি পরিদর্শন করেছেন প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক জনাব ড. শামসাদ জাহান শিরাজী। সোমবার কুঠুরিকোনা গ্রামে সরজমিন এ পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, উপ-পরিচালক জনাব ড. মোহাম্মদ এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ সফল উদ্যোক্তা মোঃ ইয়াসিন মিয়া বলেন, সরকারি বেসরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আমার এই কার্যক্রম বাংলাদেশ তথা বিশ্বে সাড়া জাগানোর মতো অবস্থান তৈরি করেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে আমার প্রযুক্তি ব্যবহার করে বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান এবং গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধির জন্য আমার প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সব উদ্ভাবন দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমার এই প্রযুক্তি মানুষের ভাগ্য পরিবর্তনের সহায়ক। আমার এই সাফল্য এবং মর্যাদার অংশীদার সম্মানিত বড় ভাই মৃত হাদিস উল্লাহ ও সম্মানিত গ্রাহক এবং সরকারি বেসরকারি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ। সরকারের সার্বিক সহযোগিতা পেলে দেশের চাহিদা পূরণ করে বিদেশে হাঁস ও হাঁসের বাচ্চা রপ্তানি করা সম্ভব হবে। এতে করে দেশের অর্থনীতি সহ ডিম মাংস ও আমিষের চাহিদা পূরণ হবে। সুস্থ সবল মেধাবী জাতি তৈরি হবে বেকার সমস্যা সমাধান হবে নতুন নতুন উদ্যোক্তা যুক্ত হবে।
প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ড. শামসাদ জাহান শিরাজী বলেন, শ্রেষ্ঠ উদ্যোক্তা মোঃ ইয়াসিন মিয়া শুধু নেত্রকোনা জেলার নন, তিনি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ উদ্যোক্তা। আমরা তার কাজ দেখে এবং দক্ষতা দেখে মুগ্ধ হয়েছি। মোঃ ইয়াসিন মিয়া জেলায় শ্রেষ্ঠ সফল উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায় স্বীকৃতি পাবে বলে প্রত্যাশা করি।
এ সময় তিনি আরো বলেন কুঠুরীকোণা হ্যাচারী পল্লী এসে দেখতে পেয়েছি অনেক হ্যাচারীর মালিক লক্ষ লক্ষ ডিমের খোসা ফেলে দেয়, এতে করে পরিবেশ নষ্ট হয়, তাই আমরা চিন্তা করেছি এই ডিমের খোসা কিভাবে কাজে লাগানো যায় শ্রেষ্ঠ উদ্যোক্তা ইয়াসিন মিয়ার সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বেশ কয়েকটি খামার ও হ্যাচারি পরিদর্শন করেন।