পিতৃহীন তিন এতিম কন্যার মুখে হাসি ফোটাতে এবং তাদের ভবিষ্যৎ জীবনযাত্রার পথ কিছুটা সহজ করতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নেত্রকোনার মদনের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সেবা ও রক্তদান গ্রুপ’। সংগঠনটির উদ্যোগে অসহায় পরিবারটিকে প্রায় ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের সাইতপুর গ্রামে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এতিম তিন শিশু ও তাদের মায়ের হাতে এ অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনটির এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার সেবা ও রক্তদান গ্রুপের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমাদ (তরুণ), অর্থ সম্পাদক ইকরামুল হাসান (ইকরাম), সাংবাদিক ইমরান হাসান, তিয়শ্রী ইউনিয়ন শাখার উলামা পরিষদের সিনিয়র সহসভাপতি জামিল হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্যে সংগঠনের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ বলেন, এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা আর্থিক অনুদান, পরামর্শ, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে যারা পরামর্শ দিয়ে, কথা দিয়ে কিংবা শারীরিক শ্রমের মাধ্যমে পাশে থেকেছেন, মহান আল্লাহ যেন তাঁদের প্রত্যেকের দান ও প্রচেষ্টা কবুল করেন এবং উত্তম প্রতিদান দেন।

তিনি আরও বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনের এ পথচলা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। ২০২৬ সালে মানবতার সেবা ও রক্তদান গ্রুপের উদ্যোগে এ পর্যন্ত মোট ১০টি মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানবিক দায়িত্ববোধ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতিম শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সমাজের অন্য সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনকেও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।