তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশের হাওর অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সংকট তুলে ধরে বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রোটারিয়ান এম নাজমুল হাসান।
ঢাকা থেকে ‘রিপোর্টার্স ২৪’-এর প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশ নিয়ে তুরস্কের আনফাস আনতালিয়া এক্সপো সেন্টারের সম্মেলনস্থল থেকে দেশ ও দেশের বাইরের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বিশেষ করে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি জানান।
সাক্ষাৎকারে নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া অঞ্চলের এই কৃতি সন্তান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হিসেবে আন্তর্জাতিক জলবায়ু তহবিলে বাংলাদেশের ন্যায্য অধিকার রয়েছে। নিজ জেলা নেত্রকোনাসহ কিশোরগঞ্জ ও বৃহত্তর হাওর অঞ্চলের মানুষের দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, হাওরবাসীর জীবন ও জীবিকা মূলত কৃষি ও মৎস্য চাষের ওপর নির্ভরশীল। কিন্তু জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সৃষ্ট অকাল বন্যায় প্রতিবছর ফসল তলিয়ে যায় এবং মাছ ভেসে গিয়ে স্থানীয়রা চরম দুর্দশা ও অসহায়ত্বের মধ্যে বছরের অধিকাংশ সময় পার করেন।
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের প্রসঙ্গ টেনে রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, “একজন তরুণ ও দূরদর্শী নেতা হিসেবে আপনি তুরস্কে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ের জন্য এসেছেন। আপনার মাধ্যমে বৈশ্বিক এই সম্মেলন থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের যে ন্যায্য তহবিল পাবে, তা থেকে নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানাই।”
হাওরবাসীর পক্ষ থেকে বিশেষ নিবেদন জানিয়ে তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু তহবিলের সঠিক ও ন্যায্য সহায়তা পেলে হাওর অঞ্চলের মানুষের হারানো জীবন ও জীবিকা পুনরায় পুনরুদ্ধার করা সম্ভব হবে।