‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর দোসরদের দেশব্যাপী অস্থিরতা তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎‎গত শনিবার বিকেলে দলীয় কার্যলয় থেকে ময়মনসিংহ- ৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নতুন বাজার, গাঙিনারপাড় অতিক্রম করে রেলস্টেশন কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল মহিলা দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
‎
‎মিছিলের আগে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।
‎
‎সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধ সবাইকে মাঠে থাকতে হবে। অলিগলিতে দু-চারজন মিছিল করে বিশৃঙ্খলা করতে চায়।

‎কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। যেকোনো অপতৎপরতা মোকাবিলায় বিএনপি রাজপথে সক্রিয় থাকবে।কোনোভাবেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর দোসরদের মাঠে নামতে দেয়া হবে না।
‎
‎তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও বিভিন্ন মানবিক উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। সরকারের বিভিন্ন কার্যক্রম জনমুখী হওয়ায় একটি মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।