রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সীমানা অতিক্রম না করতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাবে উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব নির্দেশনার কথা জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, ধানমন্ডি একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানকে অবশ্যই তাদের নির্ধারিত সীমানার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসতে দেওয়া যাবে না।
পরে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, সাধারণ মানুষের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা যাবে না। ককটেল বিস্ফোরণ ঘটানো কিংবা গাড়িতে আগুন দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকেও সবাইকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, জনগণের সমর্থন পেতে হলে আগামী পাঁচ বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনকল্যাণমূলক কিংবা পরিচ্ছন্নতাবিষয়ক কর্মসূচি গ্রহণ করলে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাধিক ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।