ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটা শান্ত থাকলেও বিভিন্ন কারণে ৫০টির বেশি কারখানা বন্ধ রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) গাজীপুর শিল্পাঞ্চলের কালিয়াকৈর, মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকায় শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৩ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন আনসার এবং আট প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য রয়েছেন।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর ধারাবাহিকতায় রোববার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে প্রায় আধা ঘণ্টা পর শ্রমিকরা সেখান থেকে সরে যান। কোনাবাড়ী ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইনের ২০০৬ সালের ১৩(১) ধারা অনুযায়ী কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকার আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে কিছু এলাকায় অস্থিরতা থাকলেও গাজীপুরের সামগ্রিক শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। জেলায় প্রায় ২ হাজার ৩০০টি পোশাক কারখানার মধ্যে বন্ধ ও ছুটি ঘোষিত ১৮টি বাদে বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতি অব্যাহত থাকায় কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে কর্তৃপক্ষ যেকোনো সময় কারখানাগুলো পুনরায় চালু করতে পারবে।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং কারখানার জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সাভার-আশুলিয়ায় বন্ধ অর্ধশতাধিক কারখানা
এদিকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে রোববার বেলা ১২টা পর্যন্ত কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ছাড়া বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। অধিকাংশ কারখানায় শ্রমিকরা নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রম আইনের ১৩(১) ধারা, লে-অফ এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানা রোববারও বন্ধ রেখেছেন মালিকপক্ষ।

তিনি বলেন, পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছিলেন। তবে এর মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকরা আবার কাজে ফিরেছেন। সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সাভার-আশুলিয়ায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে ৩৬টি বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায়, ১৪টি অনির্দিষ্টকালের জন্য এবং পাঁচটি মৌখিক সিদ্ধান্তে বন্ধ রাখা হয়েছে।

শিল্প পুলিশের আশা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে এবং শিগগিরই সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল আগের কর্মচাঞ্চল্য ফিরে পাবে।