ময়মনসিংহ শহরে অবস্থানকারী কিশোরগঞ্জ জেলার বাসিন্দাদের প্রাণের সংগঠন কিশোরগঞ্জ জেলা সমিতি’র নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কার্যালয়টি উদ্বোধন করা হয়। ২০১৫ সাল থেকে সফলভাবে যাত্রা শুরু করার পর থেকেই সংগঠনটি তাদের বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সর্বমহলে ব্যাপক সুনাম অর্জন করেছে। নতুন এই কার্যালয় চালুর মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব এ. কে. এম. মহিউদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মোশারফ উদ্দিন ভূঞা এবং অপর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস মিয়া। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম আহবায়ক, জনাব জামাল উদ্দিন খান মার্শাল, জনাব মো.আরাফাত আল নাসিম, যুগ্ন সদস্যসচিব সহ সংগঠনের সম্মানিত সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ময়মনসিংহে বসবাসরত কিশোরগঞ্জ জেলার মানুষের যেকোনো প্রয়োজনে এবং সুখে-দুঃখে সমিতি সবসময় অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও এই ধারা আরও জোরালোভাবে অব্যাহত থাকবে। বিশেষ করে সমাজের অসহায় ও পিছিয়ে থাকা পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং দরিদ্র মানুষের চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সর্বাত্মক পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ময়মনসিংহস্থ কিশোরগঞ্জ সমিতি কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়, বরং এটি একটি কার্যকর সামাজিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগামী দিনেও ময়মনসিংহে বসবাসরত কিশোরগঞ্জবাসীর কল্যাণে এই সামাজিক সংগঠনের ব্যানারে মানবসেবা ও জনকল্যাণমূলক সকল কাজ আরও ব্যাপকভাবে পরিচালনা করা হবে। সমাজের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সমিতি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে অনুষ্ঠানে প্রত্যয় ব্যক্ত করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।