পবিত্র জুমার দিন উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থানরত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শুক্রবার (১৩ নভেম্বর) এ কর্মসূচিতে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান।

এ সময় তিনি বলেন, মানুষের প্রতি সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন।

তিনি আরও জানান, প্রতি শুক্রবার পবিত্র জুমার দিনে ক্যাম্পাসে অবস্থানরত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

ছাত্ররাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে এ উদ্যোগকে একটি নিয়মিত কার্যক্রম হিসেবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার চর্চাকে সামনে রেখে বাকৃবি ছাত্রদলের এ উদ্যোগ অব্যাহত থাকবে।