ঝিনাইদহের মহেশপুরে নূর মোহাম্মদ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পুড়াদহ মাঠে এ ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের হানেফ আলীর ছেলে।

ঘটনার সময় নুর মোহাম্মদসহ অন্যরা জমিতে পাকা কলাই কাটছিলেন। এসময় আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে জসিম (৩৫) নামে এক কৃষক হাসুয়া দিয়ে কুপিয়ে নূর মোহাম্মদকে জখম করে। গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্ত জসিম (৩৫) একই উপজেলার পুড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানীয়রা বলছেন, শুক্রবার সকালে পুড়াদহ মাঠে পাশাপাশি নিজেদের জমিতে পাকা কলাই কাটছিলেন নূর মোহাম্মদ ও জসিম। এ সময় নূর মোহাম্মদের এক জামাই বিল্লালকে বিদেশে পাঠানোর জন্য জসিমের সাথে আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তাঁর হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক রয়েছেন।

মহেশপুর থানার ওসি ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।