ময়মনসিংহের নান্দাইলে পৈত্রিক জায়গা-জমি ও বসতঘর দখলের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতিপক্ষের মারধর ও হুমকির মুখে দুই অবুঝ শিশুকে নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী এক নারী।

​উপজেলার নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের চন্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. নাদিরা আক্তার (২৭) বাদী হয়ে সম্প্রতি নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

​অভিযুক্তরা হলেন—আব্দুল আওয়াল (৪০), মোছা. ফাতেমা আক্তার (২৭), মোছাঃ সাহিদা আক্তার (২৯), মোছা.আম্বিয়া বেগম (৫৯), মোছাঃ সুফিয়া খাতুন (৫২), মোছা. নাজমা আক্তার (৪৮) এবং মোছাঃ শাহানা আক্তার (৪০)। অভিযুক্তরা সম্পর্কে বাদীর ভাগ্নে, ননদ, ননাশ ও ভাগ্নি হন।

​অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মৃত শাহজাহানের পৈত্রিক সম্পত্তি ও সেমিপাকা ঘর জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছিল অভিযুক্তরা। এরই জের ধরে গত ৬ নভেম্বর সকাল ৭টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে পূর্ব-পরিকল্পিতভাবে বাদীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে সীমানার গাছপালা কেটে ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিতে গেলে বাদী নাদিরা আক্তারকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং জোরপূর্বক তাকে বসতঘর থেকে বের করে দিয়ে ঘরটি দখল করে নেওয়া হয়।

​হামলার সময় বাদীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। মারধরের শিকার ভুক্তভোগী নারী পরবর্তীতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার পর স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

বর্তমানে অভিযুক্তদের লাগাতার হুমকি ও বয়কটের মুখে দুই শিশু সন্তান তাকরীম (২) ও সুয়াইরা (৫)-কে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী মা।

অপরদিকে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে জানান, তারা কাহারও ঘর দখল করেনি, তাদের ঘরে তারাই আছে।

​এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।