যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন এবং সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যাচ্ছেন। গতকাল সোমবার (৯ নভেম্বর) রাতে তিনি বিমানযোগে কক্সবাজারে পৌঁছান।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে এই রাজকীয় সফরের আয়োজন করা হয়েছে।
রোহিঙ্গা শিবির পরিদর্শনে ডাচেস অব এডিনবার্গ উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির ঘুরে দেখবেন এবং সেখানে মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বাস্তুচ্যুত নারী ও কন্যাশিশুদের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা এবং নেতৃত্বের বিকাশমূলক কার্যক্রমের ওপর তিনি বিশেষ জোর দেবেন।
এছাড়াও জাতিসংঘ, আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচির বর্তমান চিত্র মূল্যায়ন করবেন।
এর আগে ২০১৭ সালে ডাচেস অব এডিনবার্গ বাংলাদেশ সফর করেছিলেন। এবারের সফরে তাঁর সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।