কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানকালে সশস্ত্র সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

নিহত সেনা সদস্যের নাম সৈনিক মো. তিতাস শেখ (২৭)।

অভিযানে জিম্মি দশা থেকে ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে এ ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও স্থানীয় সূত্র জানায়, রঙ্গীখালীর গহীন পাহাড়ে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে,এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করে ওই পাহাড়ে মূল অভিযান শুরু করা হয়।

বিকেল আনুমানিক ৫টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি পৌঁছালে, তাদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা চারদিক থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়।

গোলাগুলির একপর্যায়ে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখের বাম কাঁধে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

এসময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাঁকে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযান শেষে যৌথ বাহিনী ঘটনাস্থল তল্লাশি করে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক এবং ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। জিম্মি দশা থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা গোলাগুলির সুযোগে পাহাড়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আটক করা হয়েছে পাচারকারী চক্রের ৫ সক্রিয় সদস্যকে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্গম পাহাড়ে জিম্মিদের উদ্ধারে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। নিহত সেনা সদস্যের মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপরাধীদের ধরতে পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান ও তল্লাশি জোরদার করা হয়েছে।