ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির বিবদমান দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
গত রোববার (৮ নভেম্বর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে কসবা উপজেলা বিএনপির বিবদমান দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে জেলা বিএনপির নজরে আসে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই পক্ষের মধ্যে সংঘটিত সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনা দলীয় শৃঙ্খলার মারাত্মক পরিপন্থী এবং দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের নির্দেশক্রমে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা বিএনপির সহসভাপতি মো. জসিম উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম চপল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম মোল্লা এবং প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন।
তদন্ত কমিটিকে সরেজমিনে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের কাছে জমা দিতে বলা হয়েছে।
