লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চরচামিতা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের ছিদ্দিকুর রহমানের স্ত্রী মানছুরা বেগম, চন্দ্রগঞ্জের বাবুল এবং রামগতির আশিক। তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।

নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহত যাত্রী আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার গতি কমানোর অনুরোধ করলেও চালক তা উপেক্ষা করেন। একপর্যায়ে বাসটি উল্টে দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর স্ত্রী সাজেদা বেগমসহ তাঁরা দুজন আহত হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনার পর তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।