জামালপুরে ধর্ষণ মামলায় ইউনুছ আলী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ইউনুছ আলী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে। তিনি প্রতিবেশী ২৩ বছর বয়সী এক নারীকে বিভিন্ন সময় ইশারা-ইঙ্গিতে কুপ্রস্তাব দিতেন। পরে ওই নারীর মোবাইল নম্বর সংগ্রহ করে ফোনেও উত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। বিষয়টি তাঁর অভিভাবকদের জানানো হলে ইউনুছ আলী আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ইউনুছ আলী তাঁকে বাড়ির পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইউনুছ আলীকে আটক করেন।
পরদিন ইউনুছ আলীর বাবা-মা তৎকালীন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ওই নারীর সঙ্গে ছেলের বিয়ে দেওয়ার সম্মতি জানান। পরে ইউপি চেয়ারম্যান নিজের জিম্মায় আটক ইউনুছ আলীকে ছাড়িয়ে নেন। তবে পরবর্তী সময়ে তিনি বিয়ে করতে নানা টালবাহানা শুরু করেন বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।
এদিকে বিয়ে না করায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর ওই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলে তিনি সুস্থ হয়ে ওঠেন। এর কয়েক দিন পর, ২৯ সেপ্টেম্বর জামালপুর আদালতে ইউনুছ আলীকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির উপস্থিতিতে এ রায় দিয়েছেন। দীর্ঘ ১০ বছর পর রায় ঘোষণায় বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর মেহেদী হাসান।