চট্টগ্রামের সাতকানিয়ায় ছয়টি মোটরসাইকেলে করে আসা ১২ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল এক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি করেছে। সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাহফুজের চিব্বাড়ী পরানার পাড়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির ছাদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় গুরুতর আহত হন ইউপি সদস্য মাহফুজ।
ভুক্তভোগী ইউপি সদস্য মাহফুজ জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ছয়টি মোটরসাইকেলে করে ১২ জনের একটি ডাকাত দল তাদের বাড়িতে আসে। তাদের মধ্যে ছয়জন ছাদের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। বাকি ছয়জন বাড়ির বাইরে অবস্থান নেয়, যাতে কেউ বাধা দিতে বা সাহায্যের জন্য এগিয়ে আসতে না পারে।
পরিবারের সদস্যরা ডাকাতির বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এ সময় মাহফুজকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে ঘরে থাকা নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় তারা।
ডাকাতদের হামলা ও পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসার চেষ্টা করেন। তবে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের দূরে সরিয়ে রাখে ডাকাত দলের সদস্যরা। পরে স্থানীয়রা আহত ইউপি সদস্য মাহফুজকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
একজন জনপ্রতিনিধির বাড়িতে এমন সংঘবদ্ধ ও পরিকল্পিত ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের প্রশ্ন, ছয়টি মোটরসাইকেলে ১২ জনের একটি সশস্ত্র দল কীভাবে এলাকায় প্রবেশ করে নির্বিঘ্নে ডাকাতি করে পালিয়ে গেল? জনপ্রতিনিধির বাড়িতেই যদি নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
এলাকাবাসীর অভিযোগ, চুরি-ডাকাতির ঘটনা নিয়ে উদ্বেগ থাকলেও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা চোখে পড়ছে না। তারা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।