ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনলাইনে যুক্ত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিন আল গাজী।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে বিস্তারিত আলোচনা হয়। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় মাদক ব্যবসার মূল হোতাদের শনাক্ত, মাদকসেবীদের ডোপ টেস্ট, শিক্ষা-প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা এবং মসজিদে মাদকবিরোধী প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সম্প্রতি নলছিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনার বিষয়েও আলোচনা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া বাজার মনিটরিং, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করা, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা হয়। যানজট নিরসনে অটোরিকশার লাইসেন্স ও আলাদা রং নির্ধারণ, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা এবং ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।