ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
শিক্ষা প্রকৌশল বিভাগ জানায়, ‘২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা।
প্রকল্পের আওতায় একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ, ছাত্রাবাস, ছাত্রীনিবাস, অফিসার ডরমিটরি, স্টাফ কোয়ার্টার, মসজিদ, সীমানাপ্রাচীর ও প্রধান গেট নির্মাণ করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিভিল সার্জন ডা মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার নতুন সুযোগ তৈরি হবে। তাদের আর দূরবর্তী জেলায় গিয়ে পড়াশোনা করতে হবে না। নিজ এলাকায় থেকেই তারা ডিপ্লোমা পর্যায়ের শিক্ষা গ্রহণ করতে পারবে। আধুনিক প্রযুক্তি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। এতে তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগও বাড়বে।