ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও শুভ দীপাবলি উপলক্ষে পুষ্প সংঘের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার সন্ধ্যায় চাতলপাড় শাহাজী বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে শ্যামা পূজা ও আরতির পাশাপাশি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা এবং শ্যামা সংগীত পরিবেশনের আয়োজন করা হয়।

চাতলপাড় পুষ্প সংঘের সভাপতি অলক রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাপন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আছাব মিয়া, বিএনপির নেতা মাহে আলম, চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুবাস চন্দ্র বিশ্বাস, মনোজ কান্তি পোদ্দার, যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন ভূইঁয়া, পুষ্প সংঘের কোষাধ্যক্ষ সুভাষ রায়, অপু রায়সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগীতশিল্পী সহেলী স্বর্ণা, রীমা দাস, দুর্লভ দেবসহ স্থানীয় ক্ষুদে শিল্পী ঈশা ও আরশি শ্যামা সংগীত পরিবেশন করেন।

এ ব্যাপারে পুষ্প সংঘের প্রধান উপদেষ্টা লিটন রায় বলেন, সুস্থ সাংস্কৃতিক সমাজ গড়তে আমরা ধর্মীয় অনুষ্ঠানে এ ধরণের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি।
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন দেবী শ্যামা বা কালী। দেবী শ্যামা শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে পূজিত হন।