জেলার শিক্ষার মানের সার্বিক অবস্থা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব। তিনি বলেন, ‘এইচএসসিতে এবার ফেল করা শিক্ষার্থীদের ৯০ ভাগই ইংরেজিতে ফলাফল খারাপ করেছে।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় থাকা শিক্ষক ক থেকে চন্দ্রবিন্দু লিখতে বললে পারে নাই। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সম্পর্কে তাদের ধারণা নাই।’
আখাউড়ায় ‘ব্লুমিং ক্লাসরুম’ এর উপকরণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, নতুন নিয়োগে যারা শিক্ষকতা পেশায় এসেছেন তাদের বেশিরভাগই অনার্স-মাস্টার্স পাস করা।
‘যেভাবে শিখেছি বাংলা, সেইভাবে শিখবো ইংরেজি’—এই স্লোগান সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে সহজে ইংরেজি শেখার পদ্ধতি ‘ব্লুমিং ক্লাসরুম’। এ পদ্ধতিতে আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে মাত্র তিন মাসে শিক্ষার্থীদের ইংরেজি রিডিং পড়ার সক্ষমতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে ব্লুমিং ক্লাসরুমের শিক্ষা উপকরণ বিতরণ ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মডেল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। ব্লুমিং ক্লাসরুম পদ্ধতির উদ্ভাবক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা এ পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় জানানো হয়, প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের পরিচিত ভাষা শেখার প্রক্রিয়া অনুসরণ করে ইংরেজি শেখানো হবে। শিশুরা যেভাবে স্বাভাবিকভাবে বাংলা ভাষা শিখেছে, একই ধারায় খেলাধুলা, আনন্দ ও অনুশীলনের মধ্য দিয়ে ইংরেজি শেখার সুযোগ পাবে। এতে ইংরেজি ভাষার প্রতি ভীতি কাটিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বাড়বে।
এ পদ্ধতির অন্যতম লক্ষ্য হলো তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের ইংরেজি রিডিং পড়তে সক্ষম করে তোলা। এ জন্য নির্দিষ্ট শিক্ষা উপকরণ ব্যবহার করে শ্রেণিকক্ষে পাঠদান করা হবে। ৫৪টি বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক পর্যায়েই ইংরেজি শিক্ষার ভিত্তি আরও মজবুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।