নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। অপরাধপ্রবণতা রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৪ নভেম্বর) নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার বিভিন্ন থানায় নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর সকাল ৮টা থেকে ৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৯ জনকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে বেগমগঞ্জ মডেল থানায় দুজনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। অন্য ৫৭ জনকে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
থানাভিত্তিক হিসাবে, হাতিয়া থানা এলাকা থেকে ২৪ জন, সুধারাম মডেল থানা থেকে ১০ জন, চাটখিল থানা থেকে ১০ জন, কোম্পানীগঞ্জ থানা থেকে পাঁচজন, বেগমগঞ্জ মডেল থানা থেকে পাঁচজন, কবিরহাট থানা থেকে তিনজন এবং চরজব্বর থানা এলাকা থেকে দুজনকে আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কিশোরদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।