গত ১ নভেম্বর রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খরুলিয়া বাজারের মুন্সিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ সাঈদ। তিনি খরুলিয়া বাজারের ছবিঘর নামক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং স্থানীয় বিকাশ এজেন্ট। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাতে সাঈদ প্রতিদিনের মতো তাঁর দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন সশস্ত্র যুবক তাঁর গতি রোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই যুবকেরা ধারালো অস্ত্র দিয়ে সাঈদকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। একপর্যায়ে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাঁর সাথে থাকা ২২ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

আহত সাঈদের স্বজনদের দাবি, হামলাকারীদের মধ্যে ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদকে সাঈদ চিনতে পেরেছেন। খোরশেদের নেতৃত্বেই এই পরিকল্পিত হামলা ও ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। তবে বাকি তিন হামলাকারীকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।