‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার সকালে সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে পুরস্কার প্রদান ও যুব ঋণের চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসাইন ও ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল আমীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম তরুণদের স্বাবলম্বী হতে সহায়তা করছে।
সভা শেষে সফল আত্মকর্মী সেদরাতুল ইসলামকে ১ লাখ ৫ হাজার টাকার এবং ইতি আক্তারকে ১ লাখ টাকার মোট আড়াই লাখ টাকার যুব ঋণের চেক ও ১১ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।