শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে ঝালকাঠি পৌর এলাকার আখড়াবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি মণ্ডপের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন।

পরিদর্শনকালে ডিআইজি পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসব চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মো. জুলফিকার আলী হায়দার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার জন্যও সবার প্রতি অনুরোধ জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জীদ ইবনে আকবর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি নির্মল কুমার দে তরনী, সাধারণ সম্পাদক অলোক সাহাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা।