ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ে রেলব্রিজ পার হওয়ার সময় নিচে পরে আহত মো. সোহাগ মিয়া(৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী স্টেশনের শীলা রেলব্রিজে এই দুর্ঘটনা ঘটে। রোববার সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত সোহাগ মিয়া গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আহসান উল্লাহর ছেলে এবং একটি ঔষধ কোম্পানির স্থানীয় প্রতিনিধি ছিলেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মিয়া শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ শীলা রেলব্রিজ পার হওয়ার সময় স্লিপারে চাকা পিছলে মোটরসাইকেল সহ নিচে পরে গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। ভোরে বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোহাগ মিয়ার চাচাতো ভাই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। কর্মসূত্রে উপজেলার গয়েশপুর এলাকায় যাচ্ছিলেন।পথিমধ্যে এই দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’