প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা, ভালো ফসল, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় ঠাকুরগাঁওয়ে ওরাঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম পূজা ও সামাজিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী নৃত্য, লোকসংগীত, পূজা-অর্চনা এবং পারস্পরিক আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত এ আয়োজনে মিলিত হন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা ওরাঁও পাড়ায় উৎসবের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন শেষ হয় ১৯ সেপ্টেম্বর সকালে কারাম বৃক্ষের ডাল নদীতে বিসর্জনের মধ্য দিয়ে।
ওরাঁও সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যে কারাম বৃক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। তাদের বিশ্বাস, এ বৃক্ষ মঙ্গল, কল্যাণ ও সুরক্ষার প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে আশ্বিন মাসের শুরুতে তারা এ উৎসব পালন করে আসছেন।
উৎসবের আনুষ্ঠানিকতায় সম্প্রদায়ের নারী-পুরুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করেন। পরে নাচ-গানের মধ্য দিয়ে কারাম বৃক্ষের ডাল সংগ্রহ করে পূজার বেদিতে স্থাপন করা হয়। এরপর পূজা-অর্চনা, নৃত্য, সংগীত ও লোককাহিনি পরিবেশনার মাধ্যমে উৎসবের মূল পর্ব শুরু হয়।
উৎসবস্থলে রঙিন পোশাকে নারী-পুরুষের দলবদ্ধ নৃত্য ছিল অন্যতম আকর্ষণ। ঢাক-ঢোল, মাদল ও করতালের ছন্দে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ নাচ-গানে অংশ নেন। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে ওরাঁও সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু, মুসলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সেখানে উপস্থিত হন।
ওরাঁও সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, কারাম পূজার মাধ্যমে অতিবন্যা, খরাসহ বিভিন্ন বিপদ-আপদ থেকে মুক্তি এবং পরিবার ও সমাজের কল্যাণ কামনা করা হয়। উৎসবকে ঘিরে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল ও অর্থ সংগ্রহ করা হয়। সংগৃহীত উপকরণ দিয়ে আত্মীয়-স্বজন ও আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের আয়োজন করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী বলেন, ওরাঁও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুসরণ করে কারাম উৎসব পালন করে আসছেন। তাদের কাছে কারাম বৃক্ষ রক্ষাকবচ ও মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচিত।
তিনি বলেন, কারাম উৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানেরও একটি দৃষ্টান্ত। সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ উৎসব আয়োজন করা সম্ভব হবে।
উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে ইলাহী মুকুট চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কারাম পূজা ও সামাজিক উৎসব ওরাঁও সম্প্রদায়ের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের শিকড় ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে।
তিন দিনব্যাপী এ উৎসব উপলক্ষে পাঁচপীরডাঙ্গা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী ধর্মীয় আচার, নাচ-গান ও সামাজিক মিলনমেলার মধ্য দিয়ে কারাম উৎসব উদযাপন করেন ওরাঁও সম্প্রদায়ের মানুষ।